তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা

ঢাকা,২৩ নভেম্বর-দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এর আগে জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮৫ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। শুধু গ্রস খেলাপি ঋণ নয়, নিট খেলাপি ঋণের হারও বেড়েছে। জুন শেষে নিট খেলাপি ঋণের হার ছিল ১৫ দশমিক ২২ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৪ টাকা আদায় হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







