হরমুজ প্রণালির পূর্বদিকে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

তেহরান,২২ নভেম্বর-হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ চালকবিহীন আকাশযান বা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের একই ধরনের ২০তম ড্রোন, যা ইরান ভূপাতিত করার দাবি করেছে। গত ২৪ ঘণ্টায় ধ্বংস করা চতুর্থ মার্কিন ড্রোন এটি।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের আকাশসীমা তাদের কাছে ‘রেড লাইন’। এই সীমা লঙ্ঘনের যেকোনো চেষ্টার জবাবে কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন। উন্নত নজরদারি ও গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে তারা ওই অঞ্চলে শত্রুপক্ষের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এস এম/ ২২ নভেম্বর ২০২৬







