ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২৪ ঘণ্টায় ৪১ জন নিহতের দাবি হুথিদের

সানা,২১ নভেম্বর-সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় শুক্রবার লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদায়দাহসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালায় জোটটি। তাদের পক্ষ থেকে এই হামলাকে ‘বিশেষ অভিযান’ বলা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুদায়দাহ বন্দরে চোরাচালান ও অস্ত্র পরিবহনের কার্যক্রম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি সানা, সা’দা ও তাইজ প্রদেশেও হামলা চালিয়েছে তারা।
এদিকে, হুদায়দাহ বন্দরে হামলা চালানো হলে জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছিল তারা। এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিল গোষ্ঠীটি।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুদায়দাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’
তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বিভিন্ন ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে জোট।
পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।
এস এম/ ২১ নভেম্বর ২০২৬







