মধ্যপ্রাচ্য

হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সর্বোচ্চ ভবন, আঘাত পিআইএফের সদর দপ্তরে

পিআইএফের সদর দপ্তর

রিয়াদ,২০ নভেম্বর-ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবারের এই হামলায় সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে আঘাত হানা হয়। হুতিদের সঙ্গে চলমান যুদ্ধে এটি সৌদি আরবের জন্য সর্বশেষ বড় ধাক্কা।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিয়াদের বাণিজ্যিক বা আর্থিক কেন্দ্রের একটি টাওয়ারে হুতিদের হামলায় ভবনটির বেশ কয়েকটি তলা এবং আশপাশের ভবনগুলোর অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিবৃতিতে ভবনটির নাম উল্লেখ করা না হলেও এসপিএ প্রকাশিত ছবিতে এটিকে পিআইএফ টাওয়ার হিসেবে দেখা গেছে।

এদিকে হুতি গোষ্ঠী জানিয়েছে, বৃহস্পতিবার দুই দফায় রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। প্রথম হামলাটি ভোরে এবং দ্বিতীয়টি সন্ধ্যায় চালানো হয়। এ ছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হুতিদের এই হামলার পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক ও জাতীয় সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

এই হামলায় পিআইএফ টাওয়ারের সাত থেকে আটটি তলার জানালার কাচ উড়ে গেছে এবং ভবনটির ধাতব বহিরাবরণের কিছু অংশ দুমড়ে-মুচড়ে গেছে। গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় হুতিদের হামলায় কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলা চালানো হয়েছিল। সর্বশেষ হামলার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language