পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৩.৬ ডিগ্রিতে

পঞ্চগড়,২০ নভেম্বর-উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। রাতভর কনকনে ঠাণ্ডা আর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। সকাল গড়ালেও কমছে না শীতের তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে কুয়াশার পরিমাণ কমতে থাকলেও সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। তবে গতকাল বিকেল থেকে সমুদ্রের চলমান নিম্নচাপের কারণে আকাশে মেঘের উপস্থিতি ছিল বেশি। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও বারবার মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। ফলে ভূপৃষ্ঠে সূর্যের কাঙ্ক্ষিত তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে।
দেখা গেছে, রাত থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের এ জনপদে শীতের অনুভূতি থাকছে। এতে মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েছে। ঘরের বাইরে বের হতে হচ্ছে গরম কাপড় জড়িয়ে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বেগুনচাষি আলিম উদ্দিন বলেন, আজ সকাল থেকে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে আকাশে মেঘ থাকায় সূর্যের আলো তেমন গরম ছড়াতে পারেনি। সকাল থেকে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। খেতে কৃষিকাজ করতে খুব কষ্ট হচ্ছিল।
তেঁতুলিয়া উপজেলার পথচারী আজিমুল ইসলাম বলেন, তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হন। গত কয়েক দিন কুয়াশার পরিমাণ বেশি থাকলেও আজ কিছুটা কম ছিল। কিন্তু ঠাণ্ডা বাতাসের কারণে গরম কাপড় জড়িয়ে বের হয়েছেন, তারপরও ঠাণ্ডা লাগছে। মনে হচ্ছে, যেন বরফের আশপাশে আছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে মেঘ সূর্যকে আড়াল করে রাখছে। ফলে সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে না এবং শীত বেশি অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ২০ নভেম্বর ২০২৬







