পঞ্চগড়

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত: এক লাফে তাপমাত্রা কমল ১.২ ডিগ্রি

পঞ্চগড়, ১২ নভেম্বর – হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে জেঁকে বসছে শীত। ভোরে হালকা কুয়াশা, উত্তরের হিমেল বাতাস আর সন্ধ্যা নামতেই কনকনে ঠান্ডায় পাল্টাতে শুরু করেছে আবহাওয়া। এক দিনের ব্যবধানে এখানকার তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতি বেশ ভালোভাবেই টের পেতে শুরু করেছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ এর আগের দিন বুধবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ভোরে কুয়াশা ও দৈনন্দিন জীবনে শীতের প্রভাব

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তেঁতুলিয়ায় এখন দিনের বেলায় রোদের তেজ কিছুটা স্বস্তি দিলেও বিকেল গড়াতেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। বিশেষ করে গভীর রাত ও সকালের দিকে শীতের আমেজ বেশ জাঁকিয়ে বসে।

প্রকৃতির এই পরিবর্তন ও শীতের কামড় উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোরে কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। পাথরশ্রমিক, চা শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক ও কৃষকরা শীতের সকালেই মাঠে ও রাস্তায় নেমে পড়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের একেবারে কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের হিমেল হাওয়া ও হালকা কুয়াশার প্রভাবে এখানে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে।

এনএন/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language