পঞ্চগড়

পঞ্চগড়ের আকাশে আবার দেখা মিলল বরফাচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘার

বরফাচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা

পঞ্চগড়, ১৩ অক্টোবর- শরতের বিদায় আর হেমন্তের আগমনের এই সময়ে মেঘমুক্ত নীল আকাশে দেখা মিলতে শুরু করেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আকাশে মঙ্গলবার সকালে আবারও দেখা গেছে বরফে ঢাকা এই শৃঙ্গ। ভোরের সূর্যের আলোয় রূপালি থেকে সোনালি আভায় ঝলমল করা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে শুরু করে। তবে সবচেয়ে স্পষ্ট ও মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে তেঁতুলিয়া ডাকবাংলোর মহানন্দা নদীর তীর এবং জেলা শহরের করতোয়া সেতু এলাকা থেকে। বছরের এই সময়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে তেঁতুলিয়ায় ছুটে আসেন হাজারো পর্যটক।

প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ মেঘমুক্ত ও ধুলাবালিমুক্ত থাকলে পঞ্চগড় থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভোরের আলো ফোটার পরপরই বরফে ঢাকা শৃঙ্গটির অপরূপ দৃশ্য ক্যামেরা ও মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন পর্যটক ও উৎসুক দর্শনার্থীরা।

পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পঞ্চগড়ে সম্প্রতি যোগ দেওয়ার পর থেকে প্রতিদিন করতোয়া সেতু দিয়ে হাঁটার সময় কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করতেন তিনি। আজ প্রথমবারের মতো খালি চোখে এটি দেখতে পেয়েছেন। তাঁর ভাষায়, এ এক দারুণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

একই স্থানে উপস্থিত তরুণ মো. হাদী বলেন, সরাসরি না দেখলে কাঞ্চনজঙ্ঘার প্রকৃত রূপ ও সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয়। এটি না দেখলে জীবনের অনেক বড় একটি অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হতো।

উত্তরাঞ্চলের আকাশ আরও কয়েক দিন পরিষ্কার থাকলে চলতি অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টরা।

এস এম/ ১৩ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language