পঞ্চগড়

পঞ্চগড় সীমান্তে ৫৪ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে ১০ জন: বিজিবি ও বিএসএফ বৈঠক অমীমাংসিত

পঞ্চগড়, ৭ জুন – পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন ৫৪ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্যরেখার ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন। বিএসএফের পক্ষ থেকে তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির অনড় অবস্থানের কারণে তা সফল হয়নি।

বর্তমানে এসব মানুষ সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। সরেজমিনে দেখা গেছে, রোববার সকালেও প্রখর রোদের মধ্যে খোলা আকাশের নিচে ওই ১০ জন একই স্থানে অবস্থান করছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী এবং তিনজন শিশু রয়েছেন।

শুক্রবার ভোর থেকে তারা সেখানে অবস্থান নিলেও তাদের মাথার ওপর কোনো ছাউনি নেই। দীর্ঘ সময় ধরে রোদ এবং বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়ায় থাকায় নারী ও শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, শুক্রবার রাতে ভারী বৃষ্টিপাতের সময়ও তারা সেখানেই ভিজছিলেন।

সীমান্তের উদ্ভূত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। সবশেষ শনিবার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে প্রায় ২০ মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, তবে সেখানেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি।

নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ৯৩ বিএসএফ কমান্ডারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে বিএসএফ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক আইন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে কোনোভাবেই পুশ ইন গ্রহণ করা হবে না। প্রতিকূল আবহাওয়ায় আটকে থাকা ব্যক্তিদের মানবিক কষ্টের বিষয়টিও বিএসএফকে জানানো হয়েছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language