ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায়: লিভার সুস্থ রাখতে প্রতিদিন পাতে রাখবেন যে খাবারগুলো

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার বা যকৃৎ। রক্ত পরিশোধন, প্রোটিন সংশ্লেষ, হজমে সহায়তা করা থেকে শুরু করে শরীর থেকে দূষিত পদার্থ দূর করার মতো অজস্র জটিল কাজ একা হাতে সামলায় এই অঙ্গটি। তাই লিভারের কার্যকারিতা একটু কমলেই তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ওপর।
অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে যকৃতে চর্বি জমে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ফ্যাটি লিভার’। এই সমস্যা থেকে মুক্তি পেতে ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়ামের পাশাপাশি সবচেয়ে বেশি জরুরি হলো সঠিক খাদ্যাভ্যাস।
লিভারের কার্যকারিতা বৃদ্ধি এবং যকৃতকে চর্বিমুক্ত রাখতে সাহায্য করে এমন ৫টি সুপারফুড সম্পর্কে জেনে নেওয়া যাক:
১. সবুজ শাক এবং সবজি
মেথি শাক, পালং শাক, পুঁইশাকসহ টাটকা শাকে ভরপুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এই ধরনের শাকসবজি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং পরোক্ষভাবে ওজন বশে রাখতে সাহায্য করে, যা ফ্যাটি লিভারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
২. তৈলাক্ত মাছ
মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তের ট্রাইগ্লিসারয়েডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে জাদুকরি ভূমিকা পালন করে। এছাড়া এটি লিভারের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে এবং সামগ্রিক বিপাকীয় (metabolic) স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত কার্যকর।
৩. আখরোট
আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুটাথিয়ন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আরজিনিন। এই উপাদানগুলো শরীর থেকে ক্ষতিকর অ্যামোনিয়া ও বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে। পাশাপাশি লিভারের ভেতরের প্রদাহ ও চর্বির আধিক্য কমায়।
পরামর্শ: প্রতিদিন সকালে নিয়ম করে ৪–৫টি ভেজানো বা শুকনো আখরোট খেতে পারেন, তবে এর বেশি নয়।
৪. বিট
অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার এবং নাইট্রেটে সমৃদ্ধ বিট লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরে পিত্তরস তৈরিতে সাহায্য করে, লিভারের উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে এবং অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে যকৃৎকে সতেজ ও চাঙ্গা রাখে।
৫. লেবু ও ভিটামিন সি যুক্ত ফল
আমলকি, পেয়ারা এবং লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এগুলো শরীর ও লিভার থেকে ক্ষতিকর দূষিত পদার্থ (Toxins) বের করে দিয়ে যকৃৎকে পুরোপুরি বিষমুক্ত করতে সাহায্য করে।
সুস্থ জীবনযাপনের চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের পাতে থাকা খাবারেই। তাই আজ থেকেই খাবারে আনুন সচেতনতা, ফ্যাটি লিভারকে বলুন বিদায়!
এনএন







