পঞ্চগড় সীমান্তে আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

পঞ্চগড়, ৮ জুন – পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে থাকা ১০ জনকে অবশেষে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার রাত আড়াইটার দিকে সীমান্তের আলো বন্ধ করে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়।
এই সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে কড়া পাহারায় ছিলেন। উল্লেখ্য যে গত ৫ জুন গভীর রাতে এই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। আটকে থাকা ব্যক্তিদের মধ্যে ৩ শিশু ও ২ জন নারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, রাত ৮টা থেকেই ভারতীয় সীমান্তে পর্যায়ক্রমে লাইট জ্বালানো এবং নেভানো হচ্ছিল।
রাত ১২টার দিকে বিএসএফ সদস্যরা আটকে থাকাদের ভারতের ভেতরে নিয়ে গেলেও কিছুক্ষণ পর আবার আগের স্থানে ফেরত আনে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তাদের চূড়ান্তভাবে সরিয়ে নেওয়া হয়।
বর্তমানে পঞ্চগড়ের ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিজিবি নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্তে বিজিবি সদস্যদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছেন।
এস এম/ ৮ জুন ২০২৬









