মধ্যপ্রাচ্য

ইরানের দাবি, দুটি মার্কিন ড্রোন জব্দ ও ভূপাতিত করেছে দেশটির বাহিনী

মার্কিন ড্রোন

তেহরান,১৭ নভেম্বর-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি নবম এমকিউএম-১৭০ ড্রোনটি জব্দ করেছে। একই সময়ে হরমুজ প্রণালির ওপর মার্কিন এমকিউ-১ মডেলের আরেকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার আইআরজিসির বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ডিভিশনের বিশেষজ্ঞরা অত্যন্ত নিখুঁত ও সফল ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে আরও একটি এমকিউএম-১৭০ ড্রোনের নিয়ন্ত্রণ নেন। পরে ড্রোনটিকে অক্ষত অবস্থায় কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলের আকাশ থেকে নিচে নামিয়ে আনা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে আইআরজিসির হাতে জব্দ হওয়া এমকিউএম-১৭০ ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে।

এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধারাবাহিকভাবে ধ্বংস ও জব্দ হওয়ার ঘটনা প্রমাণ করে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এমনকি তাদের কমান্ডাররাও এখন এসব ক্ষয়ক্ষতির সঠিক হিসাব রাখতে পারছেন না।

আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের তথাকথিত প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব তাদের সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ইরানের আকাশসীমা কোনো আগ্রাসীর জন্য পরীক্ষাক্ষেত্র হতে পারে না উল্লেখ করে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো বৈরী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-১ ড্রোনে আঘাত হানে। এতে ড্রোনটি ধ্বংস হয়ে যায়।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language