পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান, ভাঙচুর ও ফিলিস্তিনিদের ওপর হামলা

তেল আবিব,১৬ নভেম্বর-অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের আশপাশের দুটি এলাকায় নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) ভোরে বেইত ফুরিক ও বেইতা শহরে অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি ও ভাঙচুরের পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার (WAFA) প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক শহরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। এ সময় একটি দোকানের মালামাল ও সরঞ্জাম নষ্ট করা হয়। পাশাপাশি কয়েকজন স্থানীয় বাসিন্দাকে মারধর করা হয়।
অন্যদিকে, নাবলুসের দক্ষিণে অবস্থিত বেইতা শহরে কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশের পর গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। তবে এসব ঘটনায় হতাহত বা আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







