সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের ওসমান ফারুক

ঢাকা,১৭ নভেম্বর-কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমের শুরুতে এ ঘোষণা দেন স্পিকার।
স্পিকার সংসদকে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর নিজের স্বাক্ষর করা পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে জানানো হলো।’
ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্ম নেওয়া এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং বিশ্বব্যাংকে উচ্চপদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







