অপসংস্কৃতি মোকাবিলায় লোকজ সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান নবান্ন উৎসবে

ঢাকা,১৭ নভেম্বর-অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় আবহমান বাংলার লোকজ সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত নবান্ন উৎসবে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘আবর্তন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে হাজারো মানুষের সমাগম ঘটে।
আয়োজকেরা জানান, বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী সংগীত, নাটক ও গ্রামীণ শিল্পকলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা এবং দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, সংগীতশিল্পী ন্যান্সি, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও আবর্তনের প্রধান সমন্বয়ক রাকিবুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ মাসের প্রথম দিনে নবান্ন উৎসব উদ্যাপন করা হয়। নতুন ধান কেটে ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে গড়ে ওঠা এ উৎসব বাঙালির প্রাচীন লোকজ ঐতিহ্যের অংশ। একসময় গ্রামে নতুন চালের পিঠা-পায়েস তৈরি, লোকসংগীত, পালাগান ও যাত্রাপালার মাধ্যমে নবান্ন উদ্যাপন করা হতো। তবে নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে এসব ঐতিহ্যের অনেক কিছুই নতুন প্রজন্মের চর্চা থেকে হারিয়ে যাচ্ছে।
আয়োজকেরা জানান, এমন পরিস্থিতিতে লোকজ সংস্কৃতির সঙ্গে নগরজীবনের সংযোগ তৈরি করা এবং নতুন প্রজন্মকে দেশের সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নবগঠিত সংগঠন আবর্তনের লক্ষ্য হলো বাংলাদেশের গ্রামীণ জনপদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তোলা। লালনগীতি, জারি, সারি, ভাওয়াইয়া, পল্লিগীতি, বাউলগান, লোকনাট্য ও যাত্রাপালার চর্চা ছড়িয়ে দিতে কাজ করতে চায় সংগঠনটি।
এ লক্ষ্যে তরুণদের প্রশিক্ষণ দেওয়া, প্রবীণ লোকশিল্পীদের অভিজ্ঞতা ও সৃষ্টিকর্ম সংরক্ষণ, নতুন শিল্পী তৈরি এবং নিয়মিত সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সাংস্কৃতিক আয়োজন, কর্মশালা, লোকসংগীতের আসর ও নাট্যোৎসব করার পরিকল্পনা করছে সংগঠনটি।
আবর্তনের সাংস্কৃতিক দর্শনের অন্যতম ভিত্তি হলো, অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আধিপত্য মোকাবিলায় নিজস্ব সংস্কৃতির সৃজনশীল বিকাশ ঘটানো। এ ক্ষেত্রে তরুণদের শুধু দর্শক হিসেবে নয়, বরং শিল্পী, সংগঠক, গবেষক ও সাংস্কৃতিক নেতৃত্বের অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।
আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি দেশের ইতিহাস, কৃষিজীবন, মানুষের সংগ্রাম, বিশ্বাস ও সামাজিক সম্পর্কের অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই লোকসংগীত, নাটক ও গ্রামীণ শিল্পকলার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। পাশাপাশি প্রবীণ শিল্পীদের সঙ্গে নতুন প্রজন্মের যোগাযোগ এবং সাংস্কৃতিক শিক্ষার সুযোগও বাড়ানো প্রয়োজন।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







