সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্তে বিজিবি-পুলিশের সর্বোচ্চ সতর্কতা

সাতক্ষীরা,১৭ নভেম্বর-ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার নদী ও স্থল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ প্রশাসন।
মঙ্গলবার বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে কোনো অনুপ্রবেশকারী কিংবা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কোনো নেতাকর্মী দেশে প্রবেশ করে যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্যই এই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি ও নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন দীর্ঘ এই সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। বর্তমানে ভোমরা স্থলবন্দর, কাকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া, হিজলদী, সুলতানপুর, বৈকারী, তলুইগাছা, কুশখালী, টাউনশ্রীপুর, দেবহাটা, কালীগঞ্জের বসন্তপুর এবং শ্যামনগরের সুন্দরবন ও নদীবেষ্টিত কৈখালীসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা মোবাইল পেট্রোলিং ও চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। রাতের অন্ধকার ও দুর্গম এলাকায় নজরদারির জন্য বিজিবি থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চ লাইটের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।
এদিকে, গত রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের সন্দেহজনক চলাচল দেখতে পেয়ে কয়েক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। পরে ওই এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বিওপি ও ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সীমান্তের প্রতিটি বিওপিতে প্রয়োজনের তুলনায় বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও সীমান্তবর্তী থানাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসমান জানান, সীমান্ত পেরিয়ে কোনো অনুপ্রবেশকারী কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের কোনো নেতাকর্মী দেশে প্রবেশ করে যাতে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য বিজিবির সতর্কতার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও সব ধরনের নাশকতা ঠেকাতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







