সাতক্ষীরা

জামায়াত থেকে বহিষ্কারের পর সংসদীয় কমিটি থেকেও বাদ গাজী নজরুল

সাতক্ষীরা, ২৮ আগস্ট – জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতের অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও একটি বিশেষ কমিটি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ জানান যে বিরোধীদলীয় নেতার প্রস্তাবে একজন সদস্যের পরিবর্তে অন্য সদস্যকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পুনর্গঠিত এই কমিটিতে গাজী নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন জামায়াতের সংসদ সদস্য আবদুল ওয়ারেছ।

এছাড়া এনসিপির আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে কমিটিতে যুক্ত করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে বহাল রয়েছেন মনিরুল হক চৌধুরী। একই দিনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করা হয়েছে।

এর আগে এই কমিটির সভাপতি আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় পদটি শূন্য হয়েছিল। জহির উদ্দিন স্বপন বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। অন্যদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরকে মনোনীত করা হয়েছে।

এই কমিটির আগের সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় সেখানে নতুন নেতৃত্ব আনা হয়। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাবগুলো উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। পুনর্গঠিত বিভিন্ন কমিটিতে জুনায়েদ আবদুর রহিম সাকি, এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ফারিদা ইয়াসমিনসহ একাধিক সংসদ সদস্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language