তিন মাসের নিষেধাজ্ঞা শেষ: কাল খুলছে সুন্দরবনের দুয়ার

সাতক্ষীরা, ৩১ আগস্ট – টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে দর্শনার্থী ও বনজীবীদের জন্য উন্মুক্ত হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন। দীর্ঘ নিরবতা কাটিয়ে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন আবার মুখর হয়ে উঠবে পর্যটক, জেলে ও বনজীবীদের পদচারণায়।
মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম বিবেচনায় গত জুন, জুলাই ও আগস্ট মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ এবং সব ধরনের মৎস্য ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ ছিল। এই দীর্ঘ সময়ে আর্থিক সংকটে পড়া বননির্ভর পরিবারগুলো পুনরায় কাজ শুরু করার সুযোগ পেয়ে আনন্দিত। বন বিভাগ জানিয়েছে, বন খুলে দেওয়ার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
অনুমোদিত নৌযান ও ব্যক্তিরা নির্ধারিত বন কার্যালয় থেকে অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশ করতে পারবেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ও জেলেদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বনদস্যু দমনে টহল বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সুন্দরবন কেন্দ্রিক অর্থনীতিতে আবার প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









