সাতক্ষীরা

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

সাতক্ষীরা, ২৫ আগস্ট – দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় দর্শনার্থী ও বনজীবীদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। এই দিন থেকে সাতক্ষীরা উপকূলসহ সংশ্লিষ্ট এলাকার জেলে এবং বাওয়ালিরা সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগ পাবেন।

পাশাপাশি দেশি ও বিদেশি পর্যটকদের জন্য সুন্দরবনের সবকটি পর্যটনকেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হবে। বনের ওপর নির্ভরশীল মানুষেরা দীর্ঘদিন কর্মহীন থাকার পর পুনরায় কাজে ফেরার সুযোগ পাওয়ায় তাদের মাঝে স্বস্তি ও নতুন প্রত্যাশা দেখা দিয়েছে। বন বিভাগ এরই মধ্যে সুন্দরবন খোলার সব ধরনের প্রস্তুতি শুরু করেছে।

জেলে এবং বাওয়ালিদের বৈধ পাস ও পারমিট দেওয়া, নৌযান নিয়ন্ত্রণ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নজরদারি জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারি বনসংরক্ষক মশিউর রহমান জানান, পহেলা সেপ্টেম্বর থেকে সুন্দরবন সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

নিষেধাজ্ঞা চলাকালীন বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে নজরদারি চালিয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন নির্বিঘ্ন করতে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। এই সময়ে পর্যটকসহ সকল বনজীবীদের প্রবেশের অনুমতি বন্ধ রাখা হয়েছিল।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language