ফুটবল

জলবায়ু অঙ্গীকার ভঙ্গের অভিযোগে ফিফার সদস্যপদ পর্যালোচনার দাবি পাঁচ সংস্থার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা

রিয়াদ, ১৭ নভেম্বর-জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অঙ্গীকার পূরণে ব্যর্থতার অভিযোগ উঠেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে। সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং ফুটবল টুর্নামেন্টের পরিসর বাড়ানোর কারণে ফিফার জলবায়ু কার্যক্রমের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পাঁচটি পরিবেশবাদী ও গবেষণা সংস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার জাতিসংঘের ‘স্পোর্টস ফর ক্লাইমেট অ্যাকশন ফ্রেমওয়ার্ক’-এর সদস্যপদ পর্যালোচনার জন্য জাতিসংঘের কাছে যৌথ অভিযোগ জমা দিয়েছে সংস্থাগুলো। তাদের দাবি, জলবায়ু সুরক্ষার অঙ্গীকার করলেও ফিফার কর্মকাণ্ড সেই প্রতিশ্রুতির সঙ্গে মিলছে না।

জাতিসংঘের এই উদ্যোগের আওতায় সদস্য সংস্থাগুলোকে ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৫০ শতাংশ কমানোর অঙ্গীকার করতে হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিতে হয়। তবে কোনো সদস্যের অঙ্গীকার বাস্তবায়নের আন্তরিকতা বা সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিলে তার সদস্যপদ বাতিল করা যেতে পারে।

অভিযোগে বলা হয়েছে, ফুটবল বিশ্বকাপের পরিসর বাড়িয়ে ফিফা নিজেদের নিঃসরণ কমানোর লক্ষ্যের বিপরীতে কাজ করছে। ২০২২ বিশ্বকাপে ম্যাচ ছিল ৬৪টি। ২০২৬ বিশ্বকাপে তা বেড়ে হয়েছে ১০৪টি। এবারের আসর অনুষ্ঠিত হয়েছে তিনটি দেশ ও ১৬টি শহরে। অভিযোগকারী সংস্থাগুলোর দাবি, এতে ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি দূষণ সৃষ্টিকারী আসরে পরিণত হয়েছে।

এ ছাড়া ২০৩০ বিশ্বকাপ ছয়টি দেশ ও তিন মহাদেশে আয়োজনের পরিকল্পনাও সমালোচনার মুখে পড়েছে। ওই আসরে ৬৪টি দল অংশ নেওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাগুলো। তাদের মতে, ম্যাচ ও আয়োজক দেশের সংখ্যা বাড়লে কার্বন নিঃসরণও বাড়বে।

২০২১ সালে ফিফা জলবায়ু কৌশল ঘোষণা করে। এতে ২০৩০ সালের মধ্যে নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনা এবং ২০৪০ সালের মধ্যে নিট শূন্য নিঃসরণ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে অভিযোগকারী সংস্থাগুলোর দাবি, এসব লক্ষ্য কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে ফিফার কৌশলে স্পষ্ট কোনো পরিকল্পনা নেই।

অভিযোগের আরেকটি বিষয় হলো, সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে ফিফার বহু বছরের বাণিজ্যিক চুক্তি। প্রতিষ্ঠানটিকে ফিফার অন্যতম প্রধান বৈশ্বিক অংশীদার করা হয়েছে। অভিযোগকারী সংস্থাগুলোর দাবি, বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকোর সঙ্গে এই অংশীদারত্ব জলবায়ু সুরক্ষায় ফিফার নেতৃত্বের ভূমিকার সঙ্গে সাংঘর্ষিক।

যৌথ অভিযোগে অংশ নেওয়া পাঁচটি সংস্থা হলো নিউ ওয়েদার ইনস্টিটিউট, নিউ ওয়েদার ইনস্টিটিউট সুইডেন, ফসিল ফ্রি ফুটবল, সায়েন্টিস্টস ফর গ্লোবাল রেসপনসিবিলিটি এবং ফেয়ারস্কয়ার।

এ বিষয়ে মন্তব্য জানতে ফিফা ও জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে দ্য গার্ডিয়ান। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরামকোও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language