চীনের ১৯ যাত্রী ধারণক্ষমতার বৈদ্যুতিক উড়োজাহাজের প্রথম পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন

বেইজিং,১৭ নভেম্বর-জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক উড়োজাহাজ ‘সিই-২৫এ’ প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার জন্য তৈরি এই উড়োজাহাজে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করা যাবে।
শনিবার চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এ পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়। উড়োজাহাজটি তৈরি করেছে চীনের কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক)। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এতে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। মোট ৫৭ মিনিট ৪৬ সেকেন্ডের পরীক্ষায় উড়োজাহাজটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে উড়েছে। এ সময় এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
কোম্যাকের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরো পরীক্ষার সময় উড়োজাহাজটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে এবং পরীক্ষার ফলাফলও প্রত্যাশা অনুযায়ী হয়েছে। সিই-২৫এ কোম্যাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। এটি এক শহর থেকে অন্য শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে। উড্ডয়নের সময় উড়োজাহাজটির সর্বোচ্চ ওজন হবে ১০ মেট্রিক টন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারবে। এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ২ হাজার ৪০০ মিটার। ব্যাটারি একবার পূর্ণ চার্জ দিলে উড়োজাহাজটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
উড়োজাহাজটির ডানায় বিশেষ প্রযুক্তির সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা বসানো হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমেই আকাশে উড়তে প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়নের আগে চালকবিহীন অবস্থায়ও সিই-২৫এ-এর একাধিক পরীক্ষা চালানো হয়েছে। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে উড়োজাহাজটি। নির্মাণের বিভিন্ন পর্যায়ে এ ধরনের মোট ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়েছে।
এই প্রকল্পে কোম্যাকের পাশাপাশি যুক্ত রয়েছে চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং দেশটির আরও কয়েকটি প্রতিষ্ঠান ও অংশীদার।
পরীক্ষামূলক উড্ডয়নে সফল হওয়ার পর উড়োজাহাজটির বাণিজ্যিক যাত্রী পরিবহনের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে সিই-২৫এ-এর সনদের আবেদন গ্রহণ করেছে।
বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজের জন্য নির্ধারিত চীনের ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা অনুসরণ করে তৈরি করা হচ্ছে সিই-২৫এ। তাই বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করার আগে উড়োজাহাজটিকে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও অনুমোদনের সব ধাপ অতিক্রম করতে হবে। সিই-২৫এ বাণিজ্যিকভাবে চলাচল শুরু করলে স্বল্প দূরত্বের আকাশপথে যাত্রী পরিবহনে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজ ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







