এশিয়া

চীনের নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র ডিএফ-৬১ দ্রুত যুক্ত হলো সামরিক মহড়ায়

ক্ষেপণাস্ত্র ডিএফ-৬১ দ্রুত যুক্ত হলো সামরিক মহড়ায়

বেইজিং,০৯ নভেম্বর-চীনের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ডিএফ-৬১ অস্বাভাবিক দ্রুতগতিতে দেশটির সামরিক বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ায় যুক্ত হয়েছে। সাধারণত এ ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সামরিক বাহিনীর পূর্ণাঙ্গ ব্যবহারের উপযোগী করতে দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। কিন্তু আগের প্রজন্মের আইসিবিএমগুলোর তুলনায় অনেক কম সময়েই ডিএফ-৬১-কে নিয়মিত সামরিক কার্যক্রমে যুক্ত করেছে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ)। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের দ্রুত অন্তর্ভুক্তি সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, পরীক্ষা এবং সামরিক বাহিনীতে যুক্ত করার প্রক্রিয়াও কি আগের চেয়ে দ্রুত করছে বেইজিং?

পিএলএ রকেট ফোর্সের সাবেক গবেষক শাও ইয়ংলিং গত বৃহস্পতিবার সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখানো হয় ডিএফ-৬১। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি নিয়মিত সামরিক মহড়ায় যুক্ত করা হয়। তাঁর ভাষায়, প্রচলিত আইসিবিএমগুলোর যুদ্ধের জন্য প্রস্তুত হতে যে সময় লাগে, তার তুলনায় এই অগ্রগতি অনেক দ্রুত।

তবে ক্ষেপণাস্ত্রটির বিস্তারিত কারিগরি তথ্য এখনো প্রকাশ করেনি চীন। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে সামরিক বিশ্লেষকেরা জানিয়েছেন, ডিএফ-৬১ দ্রুত সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার পেছনে এর আগের সংস্করণ ডিএফ-৪১-এর সঙ্গে গঠনগত মিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাল্লা ও ওয়ারহেড নিয়ে রয়েছে ভিন্ন তথ্য

ডিএফ-৬১-এর কার্যকর পাল্লা কত এবং এটি একসঙ্গে কয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, সে বিষয়ে বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের আগের এক প্রতিবেদনে ডিএফ-৬১-এর সম্ভাব্য পাল্লা ১২ হাজার থেকে ১৫ হাজার কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জেনসের ধারণা, ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় ১৮ হাজার কিলোমিটার হতে পারে। একই সঙ্গে এটি সর্বোচ্চ ১২টি স্বতন্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম বলেও অনুমান করেছে সংস্থাটি।

চীনের পারমাণবিক অস্ত্রভান্ডারে আগে থেকেই একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিএফ-৫, ডিএফ-৩১ ও ডিএফ-৪১। নতুন ডিএফ-৬১ যুক্ত হওয়ায় পিএলএ রকেট ফোর্সের কৌশলগত সক্ষমতা আরও বিস্তৃত হয়েছে। চীনের পারমাণবিক ও প্রচলিত অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং উৎক্ষেপণের দায়িত্বে রয়েছে এই বাহিনী।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মূল্যায়নে বলা হয়েছে, চীনের ডিএফ-৩১এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১১ হাজার কিলোমিটারের বেশি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানা সম্ভব। এ ছাড়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্য অনুযায়ী, ডিএফ-৪১-এর পাল্লা সর্বোচ্চ ১৫ হাজার কিলোমিটার।

আগের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে চীন

চীনের প্রথম সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ৬৬তম বার্ষিকী উপলক্ষে সিসিটিভির বিশেষ প্রতিবেদনে শাও ইয়ংলিং ডিএফ-৬১-এর দ্রুত অগ্রগতির ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আসার আগেই এর প্রাথমিক উন্নয়ন, নকশা চূড়ান্ত করা, মাঠপর্যায়ে পরীক্ষা এবং নির্ভরযোগ্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছিল। ফলে সামরিক বাহিনীর সামনে আসার সময় থেকেই এটি প্রযুক্তিগতভাবে পরিপক্ব অবস্থায় ছিল।

শাওয়ের মতে, ডিএফ-৬১ দ্রুত সামরিক কার্যক্রমে যুক্ত হওয়ার আরেকটি কারণ হলো, পিএলএ রকেট ফোর্সের বিদ্যমান কমান্ড, যোগাযোগ ও সরবরাহব্যবস্থার সঙ্গে এর সামঞ্জস্য। পাশাপাশি আইসিবিএম পরিচালনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে চীনা সেনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাও নতুন ক্ষেপণাস্ত্রটির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সহায়তা করেছে।

ডিএফ-৬১ নিয়ে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুর্গম এলাকায় অবস্থান পরিবর্তন এবং দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া চালানো হচ্ছে বলেও জানান তিনি। এসব অনুশীলনের উদ্দেশ্য হলো, শত্রুপক্ষের আকস্মিক হামলা কিংবা পারমাণবিক আঘাতের পরও পাল্টা হামলার সক্ষমতা বজায় রাখা। একই সঙ্গে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করার প্রস্তুতিও এসব মহড়ার অন্যতম লক্ষ্য।

চীন দীর্ঘদিন ধরে ‘নো-ফার্স্ট-ইউজ’ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি অনুসরণের কথা বলে আসছে। দেশটির ঘোষিত অবস্থান অনুযায়ী, অন্য কোনো দেশ প্রথমে পারমাণবিক হামলা চালালেই কেবল পাল্টা জবাব হিসেবে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হবে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা উন্মুক্ত গোয়েন্দা তথ্য ও মার্কিন মূল্যায়নের ভিত্তিতে বলেন, অতীতে চীনের আইসিবিএমগুলো সামরিক বহরে পুরোপুরি কার্যকর অবস্থায় যুক্ত হতে সাধারণত দীর্ঘ সময় নিত। সেই তুলনায় ডিএফ-৬১-এর অগ্রগতি চোখে পড়ার মতো দ্রুত।

তবে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। পান্ডার মতে, ক্ষেপণাস্ত্রটির উন্নয়ন ও পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পর্কে পর্যাপ্ত প্রকাশ্য তথ্য এখনো পাওয়া যায়নি। তাই এর প্রকৃত অগ্রগতির সময়সীমা নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন।

আগের ক্ষেপণাস্ত্রগুলোর সঙ্গে তুলনা

কার্নেগির আরেক পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ টং ঝাও চীনের আগের দুটি আইসিবিএমের ইতিহাস তুলে ধরেছেন। তাঁর তথ্যমতে, ১৯৯৯ সালে প্রথমবার জনসমক্ষে প্রদর্শন করা হলেও আন্তর্জাতিক গবেষকদের ধারণা, ডিএফ-৩১ ক্ষেপণাস্ত্রটি সামরিক ব্যবহারের উপযোগী হতে ২০০৬ সাল পর্যন্ত সময় নিয়েছিল।

অন্যদিকে প্রতিরক্ষা সাময়িকী জেনসের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে একাধিক সফল পরীক্ষামূলক উড্ডয়ন শেষ করার পর ২০১৯ সালের সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় ডিএফ-৪১।

ডিএফ-৬১-এর উন্নয়ন ও পরীক্ষার সময়সীমা নিয়ে চীন সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বেইজিং গত বছর জানিয়েছিল, ২০২৫ সালের সামরিক কুচকাওয়াজে যেসব নতুন অস্ত্র প্রদর্শন করা হয়েছিল, সেগুলো এরই মধ্যে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে।

টং ঝাওয়ের মতে, ডিএফ-৬১ যদি সম্পূর্ণ নতুন নকশায় তৈরি ক্ষেপণাস্ত্র হয়ে থাকে, তাহলে এত অল্প সময়ে এর সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে এটি যদি ডিএফ-৪১-এর উন্নত সংস্করণ হয়, তাহলে দ্রুত যুক্ত করার বিষয়টি অস্বাভাবিক নয়। বিশেষ করে উৎক্ষেপণ পদ্ধতি, টিকে থাকার সক্ষমতা কিংবা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করার প্রযুক্তিতে উন্নয়ন ঘটানো হয়ে থাকলে আগের ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের গবেষক ম্যাকেঞ্জি নাইট-বয়েলও একই ধরনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, ডিএফ-৬১-এর ভেতরের মূল ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করা না হলেও এর উৎক্ষেপক যান ও ক্ষেপণাস্ত্রের ক্যানিস্টার আগের ডিএফ-৪১-এর সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।

নাইট-বয়েলের মতে, ডিএফ-৬১ যদি ডিএফ-৪১-এর পরিবর্তিত বা উন্নত সংস্করণ হয়ে থাকে, তাহলে বিদ্যমান কমান্ড ও সহায়তা অবকাঠামোর সঙ্গে এর সামঞ্জস্য তৈরি করা সহজ হওয়ার কথা। একই কারণে প্রশিক্ষণ ও সামরিক কার্যক্রমে দ্রুত অগ্রগতির বিষয়টিও ব্যাখ্যা করা সম্ভব।

তবে একটি ক্ষেপণাস্ত্র দ্রুত সামরিক বাহিনীতে যুক্ত হওয়াকে চীনের পুরো রকেট ফোর্সের সক্ষমতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন তিনি। তাঁর বক্তব্য, শুধু ডিএফ-৬১-এর অগ্রগতি দেখে বলা যাবে না যে চীন রাতারাতি নতুন আইসিবিএম তৈরি ও সামরিক বাহিনীতে যুক্ত করার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে।

দ্রুত অন্তর্ভুক্তি মানেই পূর্ণাঙ্গ যুদ্ধপ্রস্তুতি নয়

ডিএফ-৬১-এর উন্নয়নের গতি নিয়ে আলোচনা থাকলেও ক্ষেপণাস্ত্রটির প্রকৃত যুদ্ধপ্রস্তুতি কতটা, তা নিশ্চিতভাবে মূল্যায়ন করা কঠিন। সামরিক বহরে কোনো অস্ত্র যুক্ত করার ঘোষণা কিংবা নিয়মিত মহড়ায় সেটির ব্যবহার শুরু হওয়া মানেই এটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত—এমন নয়।

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হতে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত সেনাদল, পর্যাপ্ত উৎক্ষেপক যান, শক্তিশালী অবকাঠামো এবং নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা। এসব উপাদান একসঙ্গে কার্যকর না হলে শুধু ক্ষেপণাস্ত্রের উপস্থিতি দিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধপ্রস্তুতি নিশ্চিত করা যায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক জানিয়েছেন, স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে তিনি এখনো ডিএফ-৬১ পরিচালনায় সম্পূর্ণ সক্ষম ইউনিটের উল্লেখযোগ্য উপস্থিতি দেখতে পাননি। তাঁর মতে, ক্ষেপণাস্ত্রটির প্রকৃত মোতায়েন নির্ভর করবে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সামরিক ইউনিটগুলোর জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান তৈরির ওপর।

যুক্তরাষ্ট্র-চীন সামরিক প্রতিযোগিতায় নতুন মাত্রা

ডিএফ-৬১-এর দ্রুত সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি শুধু চীনের পারমাণবিক সক্ষমতার বিষয় নয়, আন্তর্জাতিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।

যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাবিষয়ক সহকারী অধ্যাপক ডেভিড লোগানের মতে, চীনের পারমাণবিক বাহিনীর টিকে থাকার এবং পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়লে বেইজিংয়ের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। কারণ, যুক্তরাষ্ট্র প্রথমে পারমাণবিক হামলা চালালেও এ ধরনের সক্ষমতা চীনের ক্ষেপণাস্ত্র বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ঝুঁকি কমিয়ে দেবে।

তবে লোগান মনে করেন, নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার শত্রুপক্ষের হামলার পরও টিকে থাকবে—এমন আত্মবিশ্বাস চীনের মধ্যে তৈরি হলে তা অনাকাঙ্ক্ষিত সামরিক উত্তেজনা কমাতেও ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে অঙ্কিত পান্ডার আশঙ্কা, ডিএফ-৬১-এর মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মধ্যে চীনের কৌশলগত সামরিক সক্ষমতা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। এতে মার্কিন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পাশাপাশি বিশ্বের দুই বৃহৎ শক্তির মধ্যে চলমান সামরিক প্রতিযোগিতাও আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language