সিলেট টেস্টে জিততে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট,০৯ নভেম্বর-সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের মোট লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৩৬৯ রান। শেষ দিনে মাত্র ১০ ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।
এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে শেষ দিনের বাকি ৭৮ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৬৯ রান। টেস্ট ক্রিকেটের হিসাবে এটি প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ।
এই লক্ষ্য পেরিয়ে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে নিজেদের রেকর্ড গড়তে হবে। এর আগে টেস্টে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই জয় পেয়েছিল তারা।
৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিন শুরু করে ক্যারিবীয়রা। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ দিয়ে আউট হন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। এদিন তিনি আর মাত্র ২ রান যোগ করতে পেরেছেন।
সব মিলিয়ে ১৭টি চার ও ১টি ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন হজ। এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে রস্টন চেইসের আগে ব্যাটিংয়ে নামেন শামার জোসেফ। তবে সুবিধা করতে পারেননি তিনি। নাঈমের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন শামার।
তবে আট নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন জশুয়া বিশপ। একটি চার ও দুটি ছক্কায় মাত্র ১১ বলে ২০ রান করেন তিনি। অন্য প্রান্তে ৩৯ রান করে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। বাংলাদেশের হয়ে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।
এস এম/ ০৯ নভেম্বর ২০২৬







