ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

লন্ডন,০৮ নভেম্বর-আগামী বছর ভারতের বিপক্ষে নিজেদের মাঠে কোনো সিরিজ না থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই ক্ষতির পরিমাণ ৫০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ৬২৭ কোটি রুপি) পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। যদিও গ্রীষ্মকালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘অ্যাশেজ’ সিরিজ আয়োজন করবে ইংল্যান্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, এই বড় ধরনের আর্থিক ক্ষতির পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো, ক্রিকেট বোর্ডের সম্প্রচার স্বত্ব থেকে আয়ের চক্রাকার ধরন। এই আয় মূলত ঘরের মাঠে কোন প্রতিপক্ষ খেলতে আসছে, তার ওপর নির্ভর করে। ২০২৭ সালে ভারতের বিপক্ষে কোনো সিরিজ না থাকায় এই খাত থেকে ইসিবির আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দ্বিতীয় কারণ হলো, আইসিসির একটি সিদ্ধান্ত। এর মাধ্যমে ২০২৭ সালে সদস্য দেশগুলোকে সম্প্রচার স্বত্ব বাবদ যে অর্থ দেওয়ার কথা ছিল, তার একটি অংশ আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত বছর ইসিবি ১২.৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড মুনাফা করেছিল। তবে তখনই তারা জানিয়েছিল, ২০২৭ সালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, ক্ষতির পরিমাণ ইসিবির প্রাথমিক আশঙ্কার চেয়েও অনেক বেশি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রচার স্বত্ব থেকে আয় কমে যাওয়ার প্রভাব সামাল দিতে আইসিসির সঙ্গে কাজ করার পরিকল্পনা করছে ইসিবি। বোর্ডটি আশা করছে, ক্ষতির পরিমাণ ৩৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের (প্রায় ৪৩৯ কোটি রুপি) মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হবে। কারণ, আইসিসি ঠিক কত পরিমাণ অর্থ আটকে রাখবে, তা এখনো নিশ্চিত করেনি।
ইসিবির আগামী বছরের হিসাব ৩১ জানুয়ারি ২০২৮ পর্যন্ত চলবে। ফলে এর মধ্যে বাণিজ্যিক কার্যক্রম ও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আরও আয় করার সুযোগ রয়েছে বোর্ডটির। ২০২৮ সাল থেকে শুরু হতে যাওয়া পরবর্তী চক্রে সম্প্রচার স্বত্ব থেকে আয় কমে যেতে পারে—এমন আশঙ্কায় আইসিসি তাদের ১২টি পূর্ণ সদস্য দেশের প্রাপ্য অর্থের একটি অংশ আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পরবর্তী বছরগুলোতে আয়ের বড় ধরনের পতনের প্রভাব কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে।
সাধারণত এই চক্রের শেষ বছরে আয় বেশি হয়। কারণ, ওই সময়ে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশের মতো ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও ভারতীয় টেলিভিশন সম্প্রচার ও দর্শকদের কাছ থেকে আসা আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সনি পিকচার্সের সঙ্গে ইসিবির বর্তমান ছয় বছরের চুক্তির মূল্য ১৮৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ২ হাজার ৩২৩ কোটি রুপি)। তবে ২০২৮ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। পরবর্তী চুক্তিটি আগের মতো এতটা লাভজনক নাও হতে পারে।
ইসিবির এই বড় ধরনের আর্থিক ক্ষতির প্রভাব ঘরোয়া ক্রিকেটেও পড়তে পারে। কারণ, এরই মধ্যে ১৮টি কাউন্টির মধ্যে ১০টি তাদের সর্বশেষ প্রকাশিত হিসাবপত্রে লোকসানের কথা জানিয়েছে। এসব কাউন্টি তাদের আয়ের বড় একটি অংশের জন্য সরাসরি ইসিবির ওপর নির্ভরশীল।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







