ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু সোমবার, চলবে ২০ নভেম্বর পর্যন্ত

ঢাকা,০৮ নভেম্বর-ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায়। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। মূলত এই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতেই এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলতে পারে। এতে মোট ১০ কার্যদিবস থাকতে পারে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন হতে পারে এবং এসব বিলের ওপর আলোচনা হবে।
আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত রাখা হচ্ছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি মাসে সংসদের প্রথম অধিবেশন বসে। সেই হিসাবে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে সংসদের পরবর্তী অধিবেশন অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।
এদিকে, চতুর্থ অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের সংখ্যা ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবারের অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে।
পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব এলে, তা নিয়েও নির্দিষ্ট সময় নির্ধারণ করে আলোচনা হতে পারে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপন করা হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি এ প্রস্তাব তৈরির কাজ করছে। জানা গেছে, আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







