এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

ঢাকা,০৮ নভেম্বর-স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। আজ রবিবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর আয়োজিত স্বাগত দরবারে মহাপরিচালক এসআরবি ফোর্সেসের সব সদস্যকে জনসাধারণের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়ম মেনে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় তিনি বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
এসআরবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএসের ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







