ক্রিকেট

তাওহীদ হৃদয়ের দ্বিশতকের পরও সিলেট টেস্টে চাপে বাংলাদেশ, লিড নিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা,০৮ নভেম্বর-তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া দ্বিশতকের সুবাদে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে ব্যাট হাতে পাল্টা আক্রমণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনারের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের দেওয়া ৩০ রানের লিড পেরিয়ে গেছে সফরকারীরা।

তবে এই সময়ে সুযোগ কাজে লাগাতে পারছেন না বাংলাদেশের বোলাররা। তৃতীয় দিনের শেষ বিকেলে মাত্র চার ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫ রান এবং জোশুয়া দা সিলভা ২ রান নিয়ে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। ওই সময় বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ একই ওভারে দুটি রিভিউ নষ্ট করে হতাশা বাড়ান।

চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পরও ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। শুরু থেকেই দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিং সামলাতে হিমশিম খাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। তবে ২২তম ওভারে জশুয়া সিলভাকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও সিলভা। আগের দিনের ৭ রান নিয়ে ব্যাটিং শুরু করেন তারা। প্রথম উইকেট পেতে বাংলাদেশকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ ৩৮৬ রান সংগ্রহ করে। ফলে ৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ক্যারিবীয় ব্যাটারদের আটকে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা।

আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুতই বাংলাদেশের লিড পেরিয়ে যান সফরকারীরা। ইনিংসের ২১.২ ওভারে তাইজুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন সিলভা। এর মধ্য দিয়ে ৭৮ রানের উদ্বোধনী জুটির সমাপ্তি ঘটে। সিলভা ৩৬ রান করে ফিরলেও অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান ব্র্যান্ডন কিং। অর্ধশতক পূর্ণ করার পর ৬১ রান করে আউট হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ১২৮ রান। ৪৪ বলে ৩০ রান নিয়ে একপ্রান্তে ব্যাটিং করছেন হজ।

এস এম/ ০৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language