সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন

ডাকার,০৯ নভেম্বর-পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রোববার রাতে জরুরি উদ্ধারকর্মীরা জানান, নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিরোগ বা ছোট সমতল তলাবিশিষ্ট নৌকাটি শনিবার ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী কেবেমে বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে উল্টে যায়। তবে সেনেগালের প্রধান অভিবাসী সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিউফ এএফপিকে জানিয়েছেন, নৌকাডুবির ঘটনাটি ঘটেছে শুক্রবার।
তিনি বলেন, উদ্ধার অভিযান এখনো চলায় নিহত ব্যক্তিদের সবার জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে শনিবার উদ্ধার করা ২১ জনের মরদেহের সবাই সেনেগালের নাগরিক।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাষ্ট্রের সব কর্তৃপক্ষ ও প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হয়েছে।’
এস এম/ ০৯ নভেম্বর ২০২৬







