এশিয়া

এআই শেয়ারের দরপতন ও যুদ্ধের উদ্বেগ কমায় ঘুরে দাঁড়াল এশিয়ার পুঁজিবাজার

এশিয়ার পুঁজিবাজার

তাইপে,০৯ নভেম্বর-কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারের বড় দরপতন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় নতুন সপ্তাহের শুরুতে এশিয়ার পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

সোমবার জাপান, তাইওয়ানসহ এশিয়ার কয়েকটি প্রধান শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় ডলারের অবস্থান শক্তিশালী রয়েছে। অন্যদিকে, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনার অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জাপান বাদে অন্যান্য দেশের শেয়ারবাজারের সূচক ০.৮ শতাংশ বেড়েছে। জাপানের নিক্কেই সূচক বেড়েছে ২.৫ শতাংশ। একইভাবে তাইওয়ানের শেয়ারবাজারেও প্রায় ২.৫ শতাংশ উত্থান হয়েছে। গত সপ্তাহে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছিল দেশটির পুঁজিবাজার। দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারেও সামান্য উত্থান দেখা গেছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারের উত্থান এশিয়ার বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। এর আগে এআই প্রযুক্তির ব্যবসায়িক সম্ভাবনা, এ খাতে অবকাঠামো তৈরিতে বিপুল বিনিয়োগের খরচ এবং সরকারি নিয়ন্ত্রণ বাড়ার আশঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার ব্যাপকভাবে বিক্রি হতে শুরু করে। এর ফলে গত সপ্তাহে এশিয়ার প্রযুক্তিনির্ভর বাজারগুলো কয়েক বছরের মধ্যে বড় ধরনের দরপতনের মুখে পড়ে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর এআই ও তথ্যকেন্দ্র খাতে নিয়ন্ত্রণ বাড়তে পারে, এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পর এআই প্রতিষ্ঠানগুলো কতটা মুনাফা করতে পারবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

চলতি সপ্তাহে কোরওয়েভ, অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস ও সিসকো সিস্টেমসের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে। এসব প্রতিষ্ঠানের আয় ও মুনাফার হিসাব থেকে এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগ কতটা কার্যকর হচ্ছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত এক চীনা গুপ্তচরের সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্তও প্রযুক্তি খাতের শেয়ারে অস্থিরতা তৈরি করতে পারে।

তেলের দাম কমছে

মধ্যপ্রাচ্যে সংঘাত কমে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৯ সেন্টে নেমে এসেছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধের আলোচনা এগিয়ে গেলে দেশটিতে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম। এর আগে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ এবং গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এতে তেলের বাজারে অস্থিরতা বেড়েছিল। এখন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

সুদের হার বাড়ানোর সম্ভাবনা, ডলারের দাম বেড়েছে

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রত্যাশার চেয়ে ভালো তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। গত মাসে দেশটিতে নতুন করে ১ লাখ ৬৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।

শ্রমবাজারের এমন শক্তিশালী অবস্থান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পক্ষে যুক্তি আরও জোরালো করেছে। বাজারের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে অন্তত ০.২৫ শতাংশ পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে। মূল্যস্ফীতির এই তথ্য সুদের হার বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও বলেছেন, একের পর এক অর্থনৈতিক ধাক্কা এলেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। তবে মূল্যস্ফীতি এখনো বেশি এবং তা ২ শতাংশে নামিয়ে আনা জরুরি।

এসব কারণে ডলারের দাম বেড়েছে। গত পাঁচ মাসের মধ্যে এক দিনে সবচেয়ে বড় উত্থান হয়েছে মার্কিন মুদ্রাটির। প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের অবস্থান পরিমাপের সূচক বেড়ে ১০২ দশমিক ২ হয়েছে। ইউরোর বিনিময়মূল্য প্রায় অপরিবর্তিত থেকে প্রতি ডলারে ১ দশমিক ১১৪৮ ইউরোতে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দাম ০.২ শতাংশ বেড়ে ১৫৮ দশমিক ২১৫ হয়েছে।

এদিকে ক্রিপ্টোকারেন্সির বাজারেও দরপতন হয়েছে। বিটকয়েনের দাম ২ শতাংশের বেশি কমে ৭৩ হাজার ৭০৮ ডলারে নেমেছে। ইথারের দাম কমেছে প্রায় ৫ শতাংশ। প্রতি ইউনিটের দাম দাঁড়িয়েছে ২ হাজার ২২৩ ডলারে। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে এই দুই ডিজিটাল মুদ্রার দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ বাড়ায় ক্রিপ্টোকারেন্সি খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ হতে পারে, এমন আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষকদের মতে, গত সপ্তাহের বড় ধাক্কার পর এশিয়ার শেয়ারবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বাজারের অস্থিরতা এখনো কাটেনি। এআই খাতের মুনাফা, যুক্তরাষ্ট্রের সুদের হার, মূল্যস্ফীতির তথ্য এবং ইরানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি—এই বিষয়গুলোই চলতি সপ্তাহে বিশ্ববাজারে বিনিয়োগের পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language