মধ্যপ্রাচ্য

ইরাকের কুর্দি অঞ্চলে ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রে আগুন, বিদ্যুৎহীন ৭০ শতাংশের বেশি এলাকা

ইরাকের কুর্দি অঞ্চলে ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রে আগুন

বাগদাদ,০৯ নভেম্বর-ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে অজ্ঞাত উৎস থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে পুরো অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানায়, ড্রোন হামলার পর গ্যাসক্ষেত্রটিতে ভয়াবহ আগুন ধরে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ জানিয়েছেন, হামলার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে এরবিল, সুলাইমানিয়াহ, বাজিয়ান ও দোহুকসহ প্রধান শহরগুলোতে জাতীয় গ্রিড থেকে প্রায় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

পরিস্থিতি সামাল দিতে বিকল্প জ্বালানি ও জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে হাসপাতাল এবং পানি শোধনাগারের মতো জরুরি স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার চেষ্টা চলছে।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় কেউ নিহত হননি। ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ অবকাঠামোতে অজ্ঞাত উৎস থেকে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটল।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language