এশিয়া

তাইওয়ানের সঙ্গে পুনর্মিলন অবশ্যই হবে, আবারও স্পষ্ট করলেন শি জিনপিং

শি জিনপিং

বেইজিং,১৩ নভেম্বর-তাইওয়ানকে চীনের সঙ্গে পুনরায় একীভূত করার বিষয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইতিহাসের গতিপথ থামিয়ে রাখা সম্ভব নয়। মাতৃভূমির পূর্ণাঙ্গ পুনর্মিলন অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একদিন তা হবেই। তবে এ ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন শি জিনপিং। চীনের বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাইওয়ান প্রশ্নে বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নের সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির একটি অটল ঐতিহাসিক দায়িত্ব। ইতিহাসের স্রোত থামানো যায় না। মাতৃভূমির পূর্ণাঙ্গ পুনর্মিলন অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক ব্যবস্থা ও স্বাধীন প্রশাসন বজায় রাখতে চায়। বেইজিংয়ের পক্ষ থেকে তাইওয়ানের জন্য ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় স্বায়ত্তশাসনের প্রস্তাব দেওয়া হলেও দ্বীপটির প্রধান রাজনৈতিক দলগুলো তা প্রত্যাখ্যান করেছে।

শি তাঁর বক্তব্যে বলেন, চীন শান্তিপূর্ণ পুনর্মিলন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে বিশ্বাসী। এক চীন নীতির ভিত্তিতে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, প্রণালির দুই পাশের মানুষের উচিত পারস্পরিক সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে কাজ করা। তবে শি জিনপিংয়ের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার।

তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ জানিয়েছে, দেশটির সরকার কিংবা জনগণ কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি গ্রহণ করতে রাজি নয়। তাদের মতে, এই নীতি কার্যকর হলে শেষ পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির শাসন মেনে নিতে হবে।

পরিষদের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়েহ সাংবাদিকদের বলেন, তাইওয়ানকে একীভূত করার বিষয়ে চীনের বক্তব্য আগের অবস্থান থেকে খুব একটা আলাদা নয়।

এদিকে তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতাও অব্যাহত রয়েছে। বেইজিং সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা কখনোই পুরোপুরি নাকচ করেনি। দ্বীপটির আশপাশে নিয়মিত সামরিক মহড়া ও নজরদারি চালিয়ে যাচ্ছে চীনা বাহিনী।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার চীনা যুদ্ধজাহাজের সঙ্গে যৌথভাবে তাইওয়ান ঘিরে যুদ্ধ প্রস্তুতিমূলক টহল চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এ সময় জে-১৬ যুদ্ধবিমান ও চালকবিহীন উড়োজাহাজসহ মোট ২৯টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে শি জিনপিংয়ের এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে তিনি এ ভাষণ দিলেন। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সামনে রয়েছে তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন।

এর আগে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে গিয়ে ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে ‘বিচক্ষণতা’ প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন শি। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ওয়াশিংটন তাইওয়ানের ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার একটি প্রক্রিয়া স্থগিত করেছিল। ট্রাম্প তখন এটিকে চীনের সঙ্গে আলোচনায় ভালো দর-কষাকষির হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। এতে তাইওয়ানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language