মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা লেগে আরও দুই তেলবাহী ট্যাংকারে আগুন

তেলবাহী ট্যাংকার

তেহরান,১৩ নভেম্বর-হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ‘নিষিদ্ধ’ এলাকায় নৌ-মাইনের সঙ্গে ধাক্কা লেগে আরও দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত জাহাজ দুটি নিষিদ্ধ এলাকায় প্রবেশের আগে কর্তৃপক্ষের দেওয়া সব সতর্কবার্তা উপেক্ষা করেছিল। শুধু তা-ই নয়, নিজেদের অবস্থান গোপন রাখতে এবং নজরদারি এড়াতে জাহাজ দুটি তাদের রাডার ব্যবস্থাও বন্ধ করে রেখেছিল।

এদিকে, এ ঘটনার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্র ও জাহাজ মালিকদের ওপর চাপিয়েছে তেহরান। সেনাবাহিনীর বিবৃতিতে কঠোর ভাষায় বলা হয়েছে, অনিরাপদ ও নিষিদ্ধ এলাকায় ট্যাংকার দুটিতে আগুন লাগার জন্য প্রথমত দায়ী ‘মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্ট’। পাশাপাশি, তাঁর মিথ্যা দাবিতে অন্ধভাবে বিশ্বাস করে যারা ঝুঁকিপূর্ণ ওই এলাকায় জাহাজ পরিচালনা করছেন, সেই জাহাজ মালিকরাও এ ঘটনার জন্য দ্বিতীয়ত দায়ী থাকবেন।

উল্লেখ্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানি কর্তৃপক্ষ বারবার নিষিদ্ধ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিলেও তা অমান্য করায় একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবর সামনে আসছে। তবে সর্বশেষ অগ্নিকাণ্ডে ট্যাংকার দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language