জাতীয়

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম

ঢাকা,১৩ নভেম্বর-ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের সঙ্গেও তিনি হাঁটায় অংশ নেন।

মন্ত্রী বলেন, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিছু জায়গায় ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীর এমনভাবে গড়ে তুলতে চায় সরকার, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যেন নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল হন, সে লক্ষ্যেই বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আজকের কর্মসূচিতে নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের সঙ্গে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এসব অবকাঠামো ইতিবাচক ভূমিকা রাখছে। কিছু এলাকায় এখনও ওয়াকওয়ে নির্মাণ বাকি রয়েছে। সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক বর্জ্য, তরল বর্জ্য ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম নেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকার চারপাশের নদীগুলোতে নৌযান চলাচল ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান যুক্ত করা এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বয় করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াত করতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশ না থাকা। তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান যুক্ত করা এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, চলমান কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। এতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও বাড়বে। একই সঙ্গে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম আরও কার্যকর হবে।

বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সংস্থাটির সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল) ছাড়াও মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language