মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি হুমকি ও নিষেধাজ্ঞায় বন্ধ হবে না: আইআরজিসি প্রধান

আইআরজিসি প্রধান

তেহরান,১২ নভেম্বর-হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। সব ধরনের চাপ উপেক্ষা করে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ওয়াহিদি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে তাঁর এই বার্তা প্রকাশ করা হয়।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান ওয়াহিদি। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, একই চেতনা নিয়ে দেশের সামরিক শক্তি বাড়াতে পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

ওয়াহিদি বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো সম্ভব নয়। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়েই এই পথ এগিয়ে যাবে।

এ ছাড়া আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বাহিনীর সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান আইআরজিসি প্রধান।

এদিকে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার পাল্লার স্বেচ্ছায় আরোপ করা সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি এ তথ্য জানিয়েছেন।

গত ৭ নভেম্বর তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপ করা সীমাবদ্ধতা এখন আর কার্যকর নেই। তবে নতুন করে ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর পর্যন্ত বাড়ানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাননি তিনি।

ইরানের এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের বাইরেও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বর্তমানে ইরানের হাতে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language