ভূগর্ভস্থ বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের, হামলা হলে জবাব যাবে মধ্যপ্রাচ্যের বাইরেও

তেহরান,১১ নভেম্বর-মাটির গভীরে তৈরি বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে দেশটির ওপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে এর পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। মঙ্গলবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করে। এতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও দেখানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ দেখা যায়। ভিডিও ধারণের সময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
এমন এক সময়ে তেহরান এই সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করল, যখন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।
সংবাদমাধ্যম রুদাও কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ভিডিও প্রকাশের সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি বলেন, দেশটির উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা দেখিয়ে শত্রুপক্ষকে বিস্মিত করবে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়া হলে এর পাল্টা আঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আবদোল্লাহির ভাষায়, ‘শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নিলে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।’
ইরানের প্রকাশিত ছবিগুলো পর্যালোচনা করে কয়েকজন পর্যবেক্ষক ও সামরিক বিশ্লেষক জানিয়েছেন, স্থাপনাটিতে মাঝারি পাল্লার ফাত্তাহ-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। এসব ক্ষেপণাস্ত্রের সঙ্গে বুস্টার ও ওয়ারহেডও রয়েছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের পুনঃপ্রবেশযোগ্য অংশ বা ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলের উপস্থিতিও শনাক্ত করেছেন তাঁরা।
সামরিক বিশ্লেষক তাল ইনবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করে জানিয়েছেন, ভিডিওতে এমন একটি অংশ দেখা গেছে, যা ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলের সঙ্গে মিলে যায়। এটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। স্থাপনাটিতে আধুনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পুরোনো মডেলের ক্ষেপণাস্ত্রও দেখা গেছে।
এর আগে গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ২০ দিনের যুদ্ধের পর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা আর অবশিষ্ট নেই।
তবে নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণব্যবস্থা সুরক্ষিত রাখতে দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে ইরান। এসব স্থাপনা ‘মিসাইল সিটি’ নামে পরিচিত। যুদ্ধের সময় শত্রুপক্ষের হামলা থেকে ক্ষেপণাস্ত্রের মজুত রক্ষা করা এবং আক্রমণের মধ্যেও সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় রাখাই এসব স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্য।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







