ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় পে-স্কেল কার্যকরের নির্দেশ

ঢাকা,১১ নভেম্বর-ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে তাঁদের নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। তবে তাঁদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুসারে নির্ধারণ করতে হবে।
নির্দেশনাটি কার্যকর করার জন্য দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







