ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলা, ধ্বংস তেলবাহী ১৩ ট্যাংকার

সানা,১১ নভেম্বর-ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবারের এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির একটি ভবন। শক্তিশালী বিস্ফোরণে ওই ভবনের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময়ে আল-মাফসার গ্যাস ফিলিং স্টেশনেও হামলা চালানো হয়। এতে স্টেশনটিতে থাকা ১৩টি তেলবাহী ট্যাংকার এবং সাধারণ গ্যাস সরবরাহের প্ল্যাটফর্মটি ধ্বংস হয়ে গেছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় সানার কেন্দ্রস্থলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে পুরো রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, দেশটির সৌদি আরব সীমান্তবর্তী সা’দা গভর্নরেটের কাতাবির ও সা’দা জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে সৌদি বাহিনী। সৌদি আরবের নাজরান ও জাজান অঞ্চল থেকে এসব হামলা চালানো হয়েছে। হুথিদের দাবি, যেসব এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে, সেগুলো অত্যন্ত জনবহুল।
হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ১০৯টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ওই মুখপাত্র আরও জানান, গত দুই দিনে বানি হুসাইস এলাকায় সৌদি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। বুধবার তাঁদের সানার আল-সাবিন এলাকায় সমাহিত করার কথা রয়েছে।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। এ পর্যন্ত এই লড়াইয়ে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি ইয়েমেনে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







