ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’, তবে অবরোধ চলবে

ওয়াশিংটন, ১১ নভেম্বর-ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও ইরানের ওপর নৌ অবরোধ চালু রাখার কথা জানিয়েছেন তিনি। পরিস্থিতির পরিবর্তন হলে আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের।
সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আপাতত স্থিতাবস্থা বজায় রাখছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ এবং ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রম অব্যাহত থাকবে।
কাতারের প্রধানমন্ত্রী বৈঠকটিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার।
তবে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান চান। তবে ইরান জোর করে কোনো সমঝোতা চাপিয়ে দেওয়া মেনে নেবে না।
যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাজেয়াপ্ত তহবিল মুক্ত করা, হরমুজ প্রণালির নতুন নৌপথের স্বীকৃতি দেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এর ফলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা দেখা দেয়।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







