ওজন কমানো ও ডায়াবেটিসের ওষুধে হঠাৎ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, নতুন সতর্কতা এফডিএর

ওয়াশিংটন, ১১ নভেম্বর-ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত কয়েকটি ওষুধের কারণে চোখের গুরুতর ক্ষতির ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এসব ওষুধ ব্যবহারে বিরল একটি রোগের কারণে হঠাৎ দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকায় ওষুধের লেবেলে নতুন সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
সোমবার দেওয়া এই নির্দেশনা জিএলপি-১ শ্রেণির সব ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য। এসব ওষুধের মধ্যে রয়েছে নোভো নরডিস্কের ওজেম্পিক ও ওয়েগোভি এবং এলি লিলির মাউঞ্জারো ও জেপবাউন্ড। ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত পুরোনো কয়েকটি ওষুধও এই নির্দেশনার আওতায় থাকবে।
এফডিএর তথ্য অনুযায়ী, নন-আটারিটিক অ্যান্টেরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি বা এনএআইওএন রোগে চোখের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এতে রক্তপ্রবাহ কমে গেলে এক চোখে হঠাৎ ও ব্যথাহীনভাবে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এমনকি স্থায়ীভাবে অন্ধত্বও হতে পারে। এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই।
২০২৪ সালে ‘জামা অফথালমোলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সেমাগ্লুটাইড ব্যবহারের জন্য ব্যবস্থাপত্র পাওয়া ডায়াবেটিস রোগীদের মধ্যে এনএআইওএন হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় চার গুণ বেশি।
তবে এসব ওষুধ সরাসরি এই রোগের কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এফডিএ জানিয়েছে, বিভিন্ন প্রতিবেদন ও ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে জিএলপি-১ ওষুধ ব্যবহারকারীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা পাওয়া গেছে।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মানজোত গিল বলেন, ওষুধের লেবেলে সতর্কবার্তা যুক্ত করার সিদ্ধান্ত যথাযথ। তবে রোগটি বিরল হওয়ায় রোগীদের আতঙ্কিত হয়ে ওষুধ বন্ধ করা উচিত নয়। দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন দেখা দিলে দ্রুত চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
আমেরিকান একাডেমি অব অফথালমোলজির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রতি এক লাখে সর্বোচ্চ ১০ জন এই রোগে আক্রান্ত হন।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







