মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেহরান,১০ নভেম্বর-মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কার্যদিবসে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বাড়লেও মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে দাম কমেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার পর স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১১৪ ডলার ৪৮ সেন্টে। তবে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ ডলার ৫০ সেন্ট হয়েছে।
বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আগের সেশনে স্বর্ণের দাম যে উচ্চতায় উঠেছিল, সেখান থেকে কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় এমনটা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আর না বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকলে এবং এর প্রভাবে তেলের দাম কমতে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে। কারণ, তেলের দামের ওঠানামা ডলার, মূল্যস্ফীতি এবং সুদহারের প্রত্যাশার ওপর প্রভাব ফেলে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখছেন তিনি। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা তাকে অনুরোধ জানিয়েছেন। এর প্রভাবেই মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোনো উচিত। তবে ডিসেম্বরের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৪ শতাংশ বিনিয়োগকারী ধারণা করছেন, ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে। সুদহার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে।
এখন বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করার কথা রয়েছে। এরপর শুক্রবার উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশ করা হবে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ১৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৭৬ ডলার ৪৪ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলার ৪৭ সেন্টে দাঁড়িয়েছে।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







