আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

তেহরান,১১ নভেম্বর-আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালে প্রণীত ‘পারস্পরিক পদক্ষেপ’ আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্তের ফলে তৈরি হওয়া সব ধরনের পরিস্থিতির দায় আর্জেন্টিনা সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেছে ইরান।
চলতি বছরের এপ্রিলে আর্জেন্টিনা সরকার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। এর জবাবে আর্জেন্টিনার সামরিক বাহিনীর দুটি শাখার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল ইরান।
দীর্ঘদিন ধরেই এ বিষয় নিয়ে আর্জেন্টিনা ও ইরানের মধ্যে বিরোধ চলে আসছে। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার জন্য ইরান ও লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহকে দায়ী করে আসছে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত হন এবং কয়েক শ মানুষ আহত হন।
তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







