দক্ষিণ এশিয়া

বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করতে বড় পরিবর্তন আনল ভারত, কমল ভিসার ধরন

ভিসা ব্যবস্থা

দিল্লি,১২ নভেম্বর-বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বিদ্যমান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণির সংখ্যা ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে।

একই সঙ্গে উপশ্রেণির সংখ্যা ৪৯টি থেকে কমিয়ে ২৩টিতে আনা হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে ভারতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসার ধরন পুনর্গঠনের পাশাপাশি আবেদনপত্রের জটিলতাও কমানো হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে মিল রেখে দ্বিতীয় দফায় এই সংস্কার করা হলো।

পর্যটন ভিসার নাম পরিবর্তন

নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’ চালু করা হয়েছে। এই ভিসার আওতায় সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্প সময়ের ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ভিসার দুটি ধরন হলো ভি-১ ও ভি-২। প্রথমটির মেয়াদ ৩০ দিন। এই সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী দ্বিতীয়টির মেয়াদ এক, পাঁচ অথবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।

মেডিকেল ভিসার মেয়াদ হবে এক বছর

চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। দুটি ভিসারই স্বাভাবিক মেয়াদ এক বছর এবং একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।

রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগ যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনা করা যাবে। অন্যদিকে এস-২ ভিসার আওতায় থাকবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের ই-এস১ ভিসা পাবেন। তবে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী এই ভিসার কার্যকারিতা নির্ধারণ করা হবে।

ব্যবসায়িক ভিসায় পরিবর্তন

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার জন্য প্রথমটি ব্যবহার করা যাবে। দ্বিতীয়টির আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং চলচ্চিত্র নির্মাণ।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োজিত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ চালু করা হচ্ছে। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজে এই ভিসার সুবিধা পাওয়া যাবে। ই-ভিসা ব্যবস্থার মাধ্যমেও এ জন্য আবেদন করা যাবে।

১৭২টি দেশে মিলবে ই-ভিসা সুবিধা

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন নিয়ম চালুর উপযোগী করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।

সংশোধিত কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় ধরনের ভিসা থাকবে। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language