হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

তেহরান,১১ নভেম্বর-হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করার পর নৌ-মাইনের আঘাতে আগুন ধরে যায়।
তবে জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত ৫ নভেম্বরও হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার খবর জানিয়েছিল ইরান। দেশটির সেনাবাহিনী ও আইআরজিসি দাবি করেছিল, অননুমোদিত নৌপথ ব্যবহার করতে গিয়ে কয়েকটি জাহাজ নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই জাহাজগুলোর পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে মধ্যপ্রাচ্যের জলসীমায় ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকে ওই অঞ্চলে জাহাজ চলাচলসংক্রান্ত ১৩০টি নিরাপত্তা ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিকের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
এস এম/ ১১ নভেম্বর ২০২৬







