জাতীয়

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন

ঢাকা,১১ নভেম্বর-কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করতে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচির পাশাপাশি স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

ইসি সচিব জানান, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড তৈরি, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language