বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর আগাম সতর্কবার্তা রাডার ধ্বংসের দাবি ইরানের

তেহরান,১৩ নভেম্বর-ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আর্লি-ওয়ার্নিং বা আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে চালানো হামলার প্রতিশোধ হিসেবে তারা বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ওই আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডারটি ধ্বংস করেছে। এই হামলাকে ওয়াশিংটনের প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। সংস্থাটি বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানি এবং তেল চোরাচালান কার্যক্রম বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো ধরনের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এই হামলার দাবি করা হলো। এর আগে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর থাকা বিধিনিষেধ প্রত্যাহার করেছে। তেহরানের আগে থেকে ঘোষিত ক্ষেপণাস্ত্র সক্ষমতার সীমাবদ্ধতায় এটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়।
বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে ইরানি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি বলেছিলেন, আমাদের জন্য ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পাল্লার ওপর থাকা এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে এখনো বাস্তবে এই সক্ষমতাগুলো প্রদর্শন করতে হবে।
এর আগেও এক বিবৃতিতে এই ব্রিগেডিয়ার জেনারেল বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানি ড্রোনের অনুকরণ করছে, যা ইরানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের শ্রেষ্ঠত্বের অকাট্য প্রমাণ। মোহেব্বি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতা প্রমাণ করেছে। তিনি আরও জানান, দেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার বিরুদ্ধে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একটি কার্যকর ও টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে।
এদিকে, ইসরায়েলি সংবাদপত্র মারিভ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক তৎপরতা ক্রমাগত বাড়িয়ে চলেছে। মারিভের প্রতিবেদনে ইরানকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সংকটের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।
সামরিক সংবাদদাতা ও বিশ্লেষক আভি আশকেনাজির লেখা ওই প্রতিবেদনে মারিভ ব্লুমবার্গের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে। পশ্চিমা গোয়েন্দাদের মূল্যায়নের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রতি মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে এবং দেশটির মজুতে আরও ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে।
সংবাদপত্রটি উল্লেখ করেছে, এই পরিসংখ্যান মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এসব তথ্য থেকে বোঝা যায়, তেহরান ক্রমাগত তাদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







