এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থীর আবেদন, শীর্ষে ঢাকা বোর্ড

ঢাকা,১৩ নভেম্বর-চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নির্মোহ করা হয়েছে।
ঢাকা বোর্ডের আবেদন
ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি ও আইসিটির পাশাপাশি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৪২ হাজার ২টি করে এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডে এই বিষয়গুলোতেই সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলাতেও উল্লেখযোগ্যসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ২৪ হাজার ৮৫৮টি করে পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এ বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। এছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৩ হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। আবেদনের শেষ সময় ছিল গত ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







