৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণের সুযোগ, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত

ঢাকা,১৩ নভেম্বর-দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
কোর্সের মেয়াদ ও সময়কাল
আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। কোর্স শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www\.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







