গাজীপুর

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫ কারখানা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর,১৭ নভেম্বর-ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবারও গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। এ সময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাসে ইট ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবারের শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ মহাসড়কের ছয়দানা এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের পাঠানো হয়েছে।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language