শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১৬টিতে ছুটি

গাজীপুর,১৫ নভেম্বর-শ্রমিক অসন্তোষ ও চলমান আন্দোলনের কারণে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে ১৬টি কারখানায় রবিবারের জন্য এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
পুলিশ সুপার আমজাদ বলেন, রবিবার গাজীপুরে বিভিন্ন কারণে মালিকপক্ষ ১৩টি কারখানা বন্ধ রেখেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা আবার খুলে দিতে পারবেন। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারের জন্য ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার সকালে কাজে যোগ দিতে কারখানায় এসে শ্রমিকরা ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। কারখানা বন্ধের খবর পেয়ে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকেই বাড়ি ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







