গাজীপুরে শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় ২০ থেকে ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর,০৩ নভেম্বর-অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) এসব কারখানায় ছুটি দেওয়া হয়। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন। এ সময় নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত তাঁদের সরিয়ে দেয়।
তিনি বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বিভিন্ন এলাকার ছোট ছোট সড়কে কিছু শ্রমিককে ঘোরাফেরা করতে দেখা গেছে।
শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক ছিল।
বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের গুলিতে এক স্কুলছাত্র আহত বা নিহত হয়েছেন দাবি করে একটি ছবি ছড়ানো হচ্ছে। তবে এ দাবির কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায়নি এবং কোনো শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়নি। সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্যই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







