গাজীপুর

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের মধ্যে গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুর,০১ নভেম্বর-ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার গুদামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। এতে আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হয়।

রবিবার দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলন চলার সময় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তবে সড়ক অবরোধের কারণে ঘটনাস্থলে পৌঁছেও আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে তা মূল কারখানায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে সামনে এগোতে পারছেন না। এ বিষয়ে কারও কাছ থেকে কোনও সহযোগিতাও পাচ্ছেন না।

উল্লেখ্য, কয়েক দিন ধরেই গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ চলছে। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় রবিবার সকাল থেকেও নতুন করে আন্দোলন শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আশপাশের বেশির ভাগ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরই মধ্যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকার ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language